বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নির্যাতন বন্ধের দাবিতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নির্যাতন বন্ধের দাবিতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু নির্যাতন, শারীরিক ও মানসিক নিপীড়ন এবং যৌন হয়রানি বন্ধসহ শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করেছে হেযবুত তওহীদ ছাত্র ফোরাম।

মঙ্গলবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা শিক্ষাব্যবস্থার সংস্কার, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

মানববন্ধনে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সভাপতি রাদ উল ইসলাম। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জান্নাতুন নাঈমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ হেযবুত তওহীদের সভাপতি তসলিম উদ্দিন, ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহাতির, শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক আইমান বিন মসিহ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মিফতা উল জান্নাতসহ অন্যরা।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের জন্য নিরাপদ ও সুরক্ষিত হওয়ার কথা থাকলেও নির্যাতন, নিপীড়ন ও হয়রানির অভিযোগ শিক্ষাব্যবস্থার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে অভিযোগ জানানোর নিরাপদ পরিবেশ, নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

বর্তমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে বক্তারা বলেন, বিদ্যমান শিক্ষাব্যবস্থা সৎ, আদর্শবান ও নীতিবান নাগরিক গড়ে তুলতে যথাযথ ভূমিকা রাখতে পারছে না। শিক্ষাপ্রতিষ্ঠান, এমনকি মাদ্রাসার মতো প্রতিষ্ঠানেও যৌন নিপীড়নের অভিযোগ ওঠা উদ্বেগজনক। এ পরিস্থিতির পরিবর্তনে শিক্ষাব্যবস্থায় নৈতিকতা ও জবাবদিহি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা, শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধের বিকাশ ঘটাতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল অর্জনের উপযোগী নয়, বরং মানবিক, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষাবাণিজ্য বন্ধ করে ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য মানসম্মত শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, এ জন্য শিক্ষা খাতে পর্যাপ্ত সরকারি বরাদ্দ, সহনীয় শিক্ষা ব্যয় এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর তদারকি প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক পক্ষপাত ও ইতিহাসের বিকৃত উপস্থাপন পরিহার করে তথ্যনির্ভর ও ভারসাম্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়নের দাবি জানান তাঁরা।

মানববন্ধনে ছাত্র ফোরামের ১০ দফা প্রস্তাবনার বিষয়গুলোও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে কর্মমুখী ও জীবনদক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার, তথ্যপ্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ বৃদ্ধি, শিক্ষকদের ন্যায্য বেতন-ভাতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর সরকারি তদারকি ও জবাবদিহির ব্যবস্থা গড়ে তোলা।

এ ছাড়া উচ্চশিক্ষায় গবেষণা ও উদ্ভাবনের জন্য পর্যাপ্ত বরাদ্দ, দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মেধা পাচার রোধ এবং প্রতিবন্ধী ও শিক্ষাবঞ্চিত মানুষের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণের দাবিও জানান বক্তারা।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।