বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক
নিজস্ব প্রতিবেদক
আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাফুফের পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন তিনি
বিশিষ্ট ক্রীড়া সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুম হারুনুর রশীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ফুটবলের বিকাশ ও আধুনিকায়নে হারুনুর রশীদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটি, ফিফার মিডিয়া কমিটি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করতে তাঁর অবদান ছিল অনন্য।
শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “মরহুম হারুনুর রশীদ ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের একজন অভিজ্ঞ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ অভিভাবক। তাঁর প্রয়াণ দেশের ক্রীড়া পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। আজীবন কর্মনিষ্ঠা ও ক্রীড়ার উন্নয়নে তাঁর অসামান্য অবদান ক্রীড়ামোদী মানুষের হৃদয়ে তাঁকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনে হারুনুর রশীদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
পাঠকের মন্তব্য