ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নিন্দা ও উদ্বেগ জানিয়েছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট
মহিন উদ্দিন স্টাফ রিপোর্টার
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া জ্যেষ্ঠ সাংবাদিককে আটক গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: সংগঠনটির নেতারা
সাংবাদিক নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্ট। একই সঙ্গে তাঁর দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৪ নভেম্বর) এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক আকতার হোসেন ও সদস্য সচিব শেখ জামাল।
বিবৃতিতে তাঁরা বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন জ্যেষ্ঠ সাংবাদিককে তাঁর নিজ কার্যালয় থেকে আটক করার ঘটনা দুঃখজনক ও নজিরবিহীন। এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। একই সঙ্গে এ ধরনের ঘটনা মৌলিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।”
তাঁরা আরও বলেন, সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনা সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করে। গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বুধবার রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁর অবিলম্বে মুক্তি দাবি করেন সংগঠনটির নেতারা।
উল্লেখ্য, ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, দৈনিক অবজারভার-এর সম্পাদক এবং ডিবিসি নিউজের প্রধান সম্পাদক। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পাঠকের মন্তব্য