বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

পাবলিক হেলথ বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পাবলিক হেলথ বিশেষজ্ঞ ছাড়া শুধু ‘ফায়ার ফাইটিং’ করে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা জোরদারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার আহ্বান; ৬৪ জেলায় ১২৮ জন বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব

শুধু সাময়িক সংকট মোকাবিলা বা ‘ফায়ার ফাইটিং’ পদ্ধতিতে দেশের টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতকে চিকিৎসানির্ভর মডেল থেকে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাভিত্তিক ব্যবস্থায় রূপান্তর করতে হলে নীতি নির্ধারণ, পরিকল্পনা ও মাঠপর্যায়ের কার্যক্রমে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) অডিটোরিয়ামে এমপিএইচ ও এমফিল ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর গত আট মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিভিন্ন সংকট মোকাবিলায় ব্যস্ত থাকতে হয়েছে। বিশেষ করে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় এক মাসের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় দুই কোটি শিশুর কাছে টিকা পৌঁছে দেওয়া এবং কোল্ড চেইন ব্যবস্থা নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ। এ ধরনের কার্যক্রম শুধু চিকিৎসকদের দিয়ে পরিচালনা সম্ভব নয়; এর জন্য দক্ষ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরিকল্পনা, ব্যবস্থাপনা ও সমন্বিত লজিস্টিক সহায়তা প্রয়োজন।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, হামের পরপরই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে নানা উদ্যোগ নিতে হয়েছে। লার্ভিসাইড প্রয়োগ, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, হাসপাতালের শয্যা ও স্যালাইন সরবরাহ সমন্বয় এবং দ্রুততম সময়ে দেশের দুই হাজার চিকিৎসককে ডেঙ্গু চিকিৎসায় হালনাগাদ প্রশিক্ষণ দেওয়ার মতো কার্যক্রমের পেছনে জনস্বাস্থ্য পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, তাৎক্ষণিক সংকট মোকাবিলা বা জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় না। স্বাস্থ্য খাতে এখনো সমন্বিত প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির ঘাটতি রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও পরিকল্পিত ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।

স্বাস্থ্য খাতে বিকেন্দ্রীকরণ ও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা আয়তন ও জনসংখ্যার বিচারে ইউরোপের অনেক দেশের সমতুল্য হলেও জেলা পর্যায়ে সমন্বিত স্বাস্থ্য কর্তৃপক্ষ নেই। ৬৪ জেলায় অন্তত দুজন করে মোট ১২৮ জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা গেলে স্বাস্থ্য খাতের চিত্রে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, অতীতে স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকার কেনাকাটা হলেও সমন্বিত পরিকল্পনার অভাবে অনেক অবকাঠামো ও চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়নি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতি একজন চিকিৎসকের বিপরীতে অন্তত তিনজন নার্স থাকার কথা থাকলেও দেশের সরকারি স্বাস্থ্যব্যবস্থায় সেই অনুপাত এখনো অনেক পিছিয়ে। এ ধরনের কাঠামোগত দুর্বলতা দূর করতে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, হেলথ পলিসি ও হাসপাতাল ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজে লাগানোর ওপর জোর দেন তিনি।

সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশে ড. এম এ মুহিত বলেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ার অন্যতম ভিত্তি হলো প্রতিরোধমূলক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করা। এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়নে প্রশিক্ষণ নির্দেশিকা তৈরি, দেশের রোগতাত্ত্বিক বাস্তবতা বিবেচনায় রোগী রেফারেল ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা আদান-প্রদানের সমন্বিত নেটওয়ার্ক গড়ে তুলতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি শিক্ষার্থীদের সরকারের ২০ দফা অগ্রাধিকারমূলক স্বাস্থ্য লক্ষ্য, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং জাতীয় স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গবেষণাভিত্তিক থিসিস রচনার আহ্বান জানান।

নিপসমের গবেষণা কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একসময় প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণা সাময়িকী ‘জবসন’ আন্তর্জাতিক চিকিৎসা গবেষণা তথ্যভাণ্ডার ‘পাবমেড’-এ তালিকাভুক্ত ছিল। সাময়িকীটির সেই আন্তর্জাতিক স্বীকৃতি ফিরিয়ে আনা জরুরি। পাশাপাশি ধামরাইয়ে অবস্থিত নিপসমের মাঠপর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্রের আবাসন ও গবেষণাগার সুবিধা আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এতে শিক্ষার্থীরা সরাসরি মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, সরকারের অন্যতম লক্ষ্য হলো দেশে একটি কার্যকর প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা। বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সরকারের এ লক্ষ্য অর্জনে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।