বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

ডিএনসিসির সব টেন্ডার কার্যক্রম ই-জিপির মাধ্যমে সম্পন্ন হয়, দলীয় পরিচয়ের সুযোগ নেই: প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

ডিএনসিসির সব টেন্ডার কার্যক্রম ই-জিপির মাধ্যমে সম্পন্ন হয়, দলীয় পরিচয়ের সুযোগ নেই: প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব টেন্ডার কার্যক্রম সরকারি বিধিবিধান অনুসরণ করে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পদ্ধতিতে সম্পন্ন করা হয়। এ প্রক্রিয়ায় দলীয় পরিচয়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

রোববার (২৫ অক্টোবর) রাজধানীর মগবাজার ফ্লাইওভারের নিচে সামাজিক উন্নয়ন সংস্থা ফুটস্টেপসের উদ্যোগে ‘নগর বাগান’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রশাসক বলেন, ই-জিপির মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান ও কার্যাদেশ প্রদান করা হয়। এ বিষয়ে প্রকাশিত ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল সাংবাদিকতা ও সততা বজায় রাখার আহ্বান জানান।

সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়তে যৌথ উদ্যোগ

ঢাকা মহানগরীকে আধুনিক, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ডিএনসিসি ও ফুটস্টেপস যৌথভাবে কাজ করছে বলে জানান প্রশাসক।

তিনি বলেন, ঢাকার পরিবেশ উন্নয়ন ও আধুনিকায়নে ফুটস্টেপস দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নগরজুড়ে সবুজায়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে মগবাজারের দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি পরিত্যক্ত স্থানে নান্দনিক নগর বাগান নির্মাণ করা হয়েছে। এটি পরিবেশবান্ধব নগর গড়ার উদ্যোগের একটি উল্লেখযোগ্য উদাহরণ।

প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডিএনসিসি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে গুলশান লেক সংস্কার, দৃষ্টিনন্দন গ্রাফিতি অঙ্কন এবং বসিলার ৪০ ফুট খালের অবহেলিত অবস্থা দূর করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে পথচারীদের বসার বেঞ্চ, ডাস্টবিন ও স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে।

তিনি জানান, বসিলা খালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ৪৫ দিনের বিশেষ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে

ফুটপাত দখলমুক্ত করা ও উচ্ছেদ অভিযান প্রসঙ্গে প্রশাসক বলেন, জনগণের সুবিধা নিশ্চিত করা এবং যানজট নিরসনে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ডিএনসিসির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে দখলে থাকা মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত উদ্ধার করা হয়েছে, যা নগরবাসীর জন্য বড় স্বস্তির বিষয়। জনগণের করের টাকায় নির্মিত ফুটপাত নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের অধিকার নিশ্চিত করার জন্য।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও অনুপ্রেরণায় এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলতা অর্জন করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।