ঈশ্বরদীর আলহাজ্ব মোড়ে সড়ক দখল করে চলছে ভারী যানবাহনের মেরামত: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা
ঈশ্বরদী প্রতিনিধি: সুলতানা পারভিন মিষ্টি
পাবনার ঈশ্বরদীর ব্যস্ততম আলহাজ্ব মোড় গোলচত্বর এলাকায় সড়কের ওপর সারিবদ্ধভাবে বড় ট্রাক ও ভেকু (খননযন্ত্র) রেখে অবাধে চলছে মেরামতের কাজ। স্থানীয় ওয়ার্কশপগুলোর এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। জনস্বার্থে এ বিষয়ে উপজেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলহাজ্ব মোড়ের ওয়ার্কশপ মালিক ও কর্মচারীরা দিন-রাত চব্বিশ ঘণ্টাই সড়কের একপাশ দখল করে রাখেন। সেখানে বিকল হওয়া বড় বড় ট্রাক, কাভার্ডভ্যান ও ভেকু দাঁড় করিয়ে মেরামতের কাজ করা হয়। ব্যস্ততম গোলচত্বর এলাকার সড়ক এভাবে বেদখল হয়ে পড়ায় স্বাভাবিক যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে।
বিশেষ করে রাতের বেলা কোনো ধরনের সতর্কবার্তা বা পর্যাপ্ত আলো ছাড়া সড়কের ওপর দাঁড়িয়ে থাকা এসব ভারী যানবাহনের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। পথচারী ও চালকদের অভিযোগ, সড়কটি যেন ওয়ার্কশপের নিজস্ব গ্যারেজে পরিণত হয়েছে। বারবার সাধারণ মানুষ ভোগান্তির শিকার হলেও সংশ্লিষ্ট ওয়ার্কশপ মালিকরা কোনো তোয়াক্কাই করছেন না।
স্থানীয় সচেতন মহলের দাবি, আলহাজ্ব মোড় এলাকার যান চলাচল নির্বিঘ্ন করতে এবং বড় ধরনের প্রাণহানি এড়াতে অবিলম্বে রাস্তার ওপর গাড়ি রেখে মেরামতের কাজ বন্ধ করতে হবে। এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর আইনি পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
পাঠকের মন্তব্য