বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

বগুড়ায় আজিজুল হক কলেজের উন্নয়নে ৬০০ কোটি টাকার মহাপরিকল্পনা

সালমা জাহান, বগুড়া সদর উপজেলা প্রতিনিধি:

বগুড়ায় আজিজুল হক কলেজের উন্নয়নে ৬০০ কোটি টাকার মহাপরিকল্পনা

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সার্বিক উন্নয়নে প্রায় ৬০০ কোটি টাকার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কলেজটিকে নান্দনিক, আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

রোববার সকালে কলেজ ক্যাম্পাসে সংযোগ সড়ক, সাইট ডেভেলপমেন্ট ও প্রধান ফটক নির্মাণকাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রেজাউল করিম বাদশা এমপি বলেন, সাধারণ শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি আজিজুল হক কলেজকে নান্দনিক ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে এ প্রকল্পে সাড়ে ৩৫০ কোটি টাকার কর্মপরিকল্পনা ছিল। পরবর্তী সময়ে নতুন সংযোজন ও আধুনিকায়নের প্রয়োজন বিবেচনায় পরিকল্পনাটি সংশোধন করে প্রায় ৬০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

তিনি আরও বলেন, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে। সেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি চিকিৎসা, বিজ্ঞান ও কৃষি বিষয়ে শিক্ষার সুযোগ থাকবে। এ ছাড়া আন্তর্জাতিক বিমানবন্দর, আন্তর্জাতিক মানের বিজনেস জোন, শিল্পপার্ক ও সিটি করপোরেশন বাস্তবায়নের মাধ্যমে বগুড়াসহ পুরো অঞ্চলকে একটি অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার কাজ চলছে।

সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের সাম্প্রতিক ফলাফলের প্রশংসা করে তিনি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হলে এ প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত হবে।

কলেজটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ তৈরির পাশাপাশি বগুড়ার উচ্চশিক্ষা খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর শামসুল আলম পাশা, সহকারী প্রকৌশলী সবুজ মিয়া, কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্যসচিব রাকিবুল আল-আমিনসহ কলেজের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।