কেশবপুরে কাজে এসে নিখোঁজ, পরদিন মিলল বৃদ্ধের মরদেহ
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
মৎস্য ঘেরে কাজ করতে এসে নিখোঁজ হওয়ার একদিন পর আনসার গাজী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার টিটাবাজিতপুর গ্রামের এরশাদের মৎস্য ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর মাসিক ১১ হাজার টাকা বেতনে দিনমজুর হিসেবে ওই ঘেরে কাজে যোগ দেন আনসার গাজী। মঙ্গলবার বিকেলে কাজ করার সময় তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। বুধবার সকালে ঘেরের পানিতে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে সিআইডির একটি দল।
কেশবপুর থানার এসআই মিজবাহ ইসলাম জানান, প্রাথমিকভাবে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন। সিআইডি পরিদর্শক মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পাঠকের মন্তব্য