বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

বাংলাদেশ- ব্রুনাইয়ের জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আলোচনা

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

বাংলাদেশ- ব্রুনাইয়ের জ্বালানি ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর আলোচনা

জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগের আহ্বান, ব্রুনাইয়ে আরও বাংলাদেশি কর্মী নিয়োগের প্রস্তাব

বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি জ্বালানি, বিনিয়োগ ও শ্রমবাজারে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম) উপলক্ষে অ্যান্টিগুয়া ও বারবুডায় সফররত বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেটিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর বৈঠকে এসব বিষয় উঠে আসে। মঙ্গলবার (৩ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উভয় মন্ত্রী। এ সময় বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ব্রুনাইয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন। তিনি সরকার-টু-সরকার (জি-টু-জি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান খাতে বিনিয়োগের জন্য ব্রুনাইকে আহ্বান জানান।

এ ছাড়া বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতে ব্রুনাইয়ের বিনিয়োগের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে ব্রুনাইয়ের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী আরও দক্ষ, আধা-দক্ষ ও পেশাজীবী কর্মী সরবরাহে বাংলাদেশের প্রস্তুতির কথা জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। ব্রুনাইয়ের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি উল্লেখ করে দেশটির দ্বিতীয় অর্থমন্ত্রী বাংলাদেশ থেকে ভবিষ্যতেও কর্মী নিয়োগ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্রুনাইয়ের মহামান্য সুলতানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হুমায়ুন কবির।

বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।