বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা ৯০০ পর্যটক

মোঃ আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, আটকা ৯০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এতে সাজেকে বেড়াতে গিয়ে প্রায় ৯০০ পর্যটক আটকা পড়েছেন। রোববার (১১ অক্টোবর) সকাল থেকে ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের’ ডাকে দীঘিনালা–সাজেক সড়কে এ অবরোধ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে সাজেক–দীঘিনালা সড়কের গঙ্গারাম উঁচাবাজারসহ বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন অবরোধকারীরা। এতে সাজেক ও বাঘাইছড়ি থেকে দীঘিনালাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ভোগান্তিতে পড়েছেন।

এর আগে শনিবার (১০ অক্টোবর) বিকেলে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নামে একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকে ধারাবাহিকভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। পাশাপাশি সাধারণ মানুষকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও দাবি করা হয়। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জানমাল রক্ষার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাজেক সড়কের লাইনম্যান মো. ইয়াছিন আরাফাত জানান, শনিবার নিরাপত্তা স্কর্টের মাধ্যমে ছোট-বড় গাড়ি ও মোটরসাইকেলসহ মোট ৯০টি যানবাহন সাজেকে প্রবেশ করেছে। এসব যানবাহনে প্রায় ৯০০ জনের বেশি পর্যটক সেখানে গেছেন।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মতিজয় ত্রিপুরা বলেন, “অবরোধের কারণে দুবারের পরিবর্তে দুপুর ২টায় একবার বিশেষ স্কর্ট যাবে। তখন পর্যটকেরা সাজেক ছেড়ে যাবেন।”

অবরোধের কারণে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়া এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে সড়কে স্বাভাবিক যান চলাচল কবে নাগাদ শুরু হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।