বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬:

১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনালের উদ্বোধন ও চালুকরণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সভায় মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালটির কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করতে হবে।

তিনি আরও জানান, সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন (অ্যারাইভাল) ও দুটি বহির্গমন (ডিপারচার) ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর কার্যক্রম শুরু হবে। পরবর্তী সময়ে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় তৃতীয় টার্মিনাল চালুর জন্য প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।

মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার ফলেই তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। এখন সমন্বিত উদ্যোগ, আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো যথাসময়ে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর লক্ষ্যমাত্রা অর্জনে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।