বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিয়ে প্রশ্ন তুললেন প্রকৌশলী আনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক

শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদা নিয়ে প্রশ্ন তুললেন প্রকৌশলী আনোয়ার হোসেন

শ্রমিকদের বেতন, শ্রেণিবৈষম্য ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের আহ্বান; মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও সরকারের মধ্যে কার্যকর ত্রিপক্ষীয় আলোচনার দাবি

শ্রমিকদের ন্যায্য মজুরি, সামাজিক মর্যাদা ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বাংলাদেশে প্রচলিত শ্রেণিবৈষম্যনির্ভর মানসিকতা ও শ্রমজীবী মানুষের প্রতি বৈষম্যমূলক আচরণের সমালোচনা করে বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সাংবিধানিক অঙ্গীকারের বিষয়।

সম্প্রতি শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে বিভিন্ন মহলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। তিনি বাংলাদেশ সেন্ট্রাল ভ্যালু চেইন ফার্মার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কমার্স অ্যাসোসিয়েশনের (BSVCFICA) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি একজন শিল্পপতি গণমাধ্যমে মন্তব্য করেছেন, চাঁদাবাজি ও বিভিন্ন অনৈতিক খাতে অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দেওয়া অসম্ভব নয়। অন্যদিকে, কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা প্রশ্ন তুলেছেন, শ্রমিকরা কি অফিসারদের সমান বেতন চান? এসব বক্তব্যের মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য মজুরি ও মর্যাদার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রের সংবিধানে কর্মজীবী মানুষের মর্যাদা নির্ধারণে অফিসার ও কর্মচারীর মধ্যে কোনো শ্রেণিগত বৈষম্যের স্বীকৃতি রয়েছে কি না। তাঁর মতে, পদমর্যাদা, দায়িত্ব ও যোগ্যতার ভিত্তিতে বেতনের পার্থক্য থাকতে পারে। তবে সেই পার্থক্য কখনোই মানুষের মর্যাদা, শ্রমের মূল্য কিংবা ন্যায্য অধিকারকে খাটো করার অজুহাত হতে পারে না।

তিনি আরও বলেন, বেতন নির্ধারণ হওয়া উচিত কাজের ধরন, দায়িত্ব, দক্ষতা, যোগ্যতা, শ্রমের পরিমাণ ও উৎপাদনশীলতার ভিত্তিতে। সামাজিক অবস্থান কিংবা তথাকথিত শ্রেণিগত পরিচয়ের ভিত্তিতে নয়। উন্নত বিশ্বে অনেক ক্ষেত্রে অধিক শ্রমসাধ্য, ঝুঁকিপূর্ণ ও বিশেষ দক্ষতানির্ভর কাজের জন্য বেশি পারিশ্রমিক দেওয়া হয়। সেখানে শ্রমের মর্যাদাকে শ্রেণিগত অহংকার দিয়ে বিচার করা হয় না।

মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের মূলনীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল শোষণ, বঞ্চনা, বৈষম্য ও সাম্প্রদায়িকতার অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ১৯৭২ সালের সংবিধানে সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সাম্য এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

তাঁর অভিযোগ, উপনিবেশিক মানসিকতা ও শ্রেণিবিভক্ত প্রশাসনিক সংস্কৃতির প্রভাবে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী মানুষের মধ্যে মর্যাদাগত বিভাজন এখনো দৃশ্যমান। একই প্রতিষ্ঠানের উৎপাদন ও পরিচালনাপ্রক্রিয়ায় প্রত্যেকের অবদান থাকলেও শ্রমের মূল্যায়ন ও সুযোগ-সুবিধা নির্ধারণে বৈষম্য এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উপেক্ষা করার সুযোগ নেই।

রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তিস্বার্থ এবং গোষ্ঠীস্বার্থের প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন প্রকৌশলী আনোয়ার হোসেন। তিনি বলেন, গণতন্ত্রের কথা বলে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার উপেক্ষা করা গ্রহণযোগ্য নয়।

তিনি স্পষ্ট করে বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠার দাবি কোনো বিশেষ শ্রেণির বিরুদ্ধে আন্দোলন নয়; বরং এটি মানবিক, অর্থনৈতিক ও সাংবিধানিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি।

ত্রিপক্ষীয় আলোচনার আহ্বান

শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং সম্মানজনক জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও সরকারের সমন্বয়ে কার্যকর ত্রিপক্ষীয় আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রকৌশলী আনোয়ার হোসেনের মতে, আলোচনার মাধ্যমে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম ও কর্মপরিবেশ স্বাভাবিক রাখা জরুরি। অন্যথায় শ্রমজীবী মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়বে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বারবার ফিরে আসবে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা কোনো অনুগ্রহ নয়; এটি একটি সভ্য, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত।

তিনি শ্রমের মর্যাদা, সাংবিধানিক অধিকার এবং শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।