বাংলা সংস্করণসর্বশেষ সংবাদ
Daily24Express

সংবাদের সঙ্গে, প্রতিমুহূর্তে

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ  ও ত্রাণমন্ত্রীর

লালমনিরহাট, ২৬শে আশ্বিন (১১ই অক্টোবর) :

তরুণ প্রজন্মকে মাঠমুখী করে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

রোববার (১১ই অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এর উদ্‌বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, একসময় লালমনিরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে জমজমাট ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হতো; কিন্তু দীর্ঘদিন এ ধরণের কোনো উদ্যোগ ছিলো না। স্টেডিয়াম জঞ্জাল ও আগাছায় ভরে গিয়েছিল। মাঠটি পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানো হয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সক্রিয় করা গেলে মাদকাসক্তিতে জড়িয়ে পড়া তরুণ ও যুবসমাজের একটি অংশকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে। ইতোমধ্যে এই জেলার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে। তারা আবার খেলার মাঠে ফিরছে। তরুণ প্রজন্মের কাছে খেলা-ধুলার ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

টুর্নামেন্টের সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিচ্ছে।

পাঠকের মন্তব্য

মন্তব্য অনুমোদনের পর প্রকাশিত হবে। ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।